মো: আল মাসুম খান:
অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলায় পাঁচ আসামীকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সচল বিদেশী পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। যশোর ডিবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার (১৫ জুলাই) থেকে বুধবার (১৬ জুলাই) পর্যন্ত টানা দুই দিন কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলো—মিন্টু গাজী (৩৬), মোঃ হাসানুর রহমান (৪০), মোঃ বিল্লাল খাঁ (৩৮), মোঃ আবু হুরায়রা (২৫) এবং মেহেদী হাসান হৃদয় (২৮)।
জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তরিকুল হত্যাকাণ্ডের পর মিন্টু গাজী একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে গচ্ছিত রাখে। পরে স্থানীয় এক নেতার নির্দেশে হাসানুর সেটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করে। বিল্লাল পরে অস্ত্রটি বুইকারা এলাকার মেহেদী হাসান হৃদয়ের কাছে সরিয়ে দেয়।
ডিবি পুলিশ আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয় তরিকুল হত্যায় ব্যবহৃত সচল বিদেশি পিস্তল (৭.৭৫ মি.মি.) এবং একটি তাজা গুলি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।