মো: আল মাসুম খান:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘প্যান্ডামিক ফিশারিজ’ নামে চিংড়ি চাষ প্রকল্পের মালিক ও সাবেক সচিব এ. এম. সাইদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে জমির মালিকদের লিজের টাকা না দেওয়া ও উল্টো ঘের দখলের অভিযোগ উঠেছে।
এই অভিযোগের প্রেক্ষিতে ঘের ফেরত পাওয়ার দাবিতে আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্যান্ডামিক ফিশারিজ দীর্ঘদিন ধরে এক হাজার বিঘা জমি লিজ নিয়ে হারির টাকা পরিশোধ না করায় জমির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলেন, বর্তমানে জমি জবরদখলের জন্য ভয়ভীতি, হুমকি ও হয়রানিমূলক মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।
বক্তারা আরও জানান, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান বন্ধুলসহ শতাধিক লাঠিয়াল দিয়ে ঘের দখলে রেখেছেন।
তাদের দাবি, লিজের মেয়াদ শেষ হলেও ঘের ফেরত না দিয়ে উল্টো স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে তারা ঘের দখলমুক্ত করার দাবি জানান।
মানববন্ধন শেষে জমির মালিক পক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ নেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাশেম মোড়ল, মো: আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, মো: সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলীসহ এলাকার বহু মানুষ।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু গণমাধ্যমকে বলেন, প্রজেক্টে বর্তমানে প্রায় ১২ কোটি টাকার মাছ ছাড়া আছে এবং ব্যাংক লোন রয়েছে ১৬ কোটি টাকার মতো। আমি প্রকল্পের মালিক সাইদ সাহেবের পক্ষে ঘেরের দেখাশোনা করছি।