মো: আল মামুন খান: ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পুরিয়া হেরোইন ও ৪৫০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (২৬ মে) ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর) ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি জানায়, ২৬ মে বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সাভারের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাক আহম্মেদ ও তার স্ত্রী মৌসুমীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই রাতে সাভারের পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে লিটন ও আবুল বাশারকে ৬০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে ডিবি। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ধামরাইয়ের পথহারা এলাকা থেকে ইমরান হোসেনকে ১০০ পিস ইয়াবাসহ এবং শরীফবাগ এলাকা থেকে রমজান আলীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এছাড়া লিটনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা এবং আবুল বাশারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Barta Mela bangla online newsportal