
মো: আল মাসুম খান: দুই বছর আগে খুলনায় বিএনপি’র দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
আজ বৃহস্পতিবার ২৬ জুন বেলা ১২টায় খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলার আবেদন জমা দেন তাঁর আইনজীবী সৈয়দ শামীম হাসান। এজাহারটি আমলে নিয়ে পরবর্তীতে নির্দেশ দেবেন বলে জানান আদালতের বিচারক মো: শরীফ হোসেন হায়দার।
বাদীর আইনজীবী সৈয়দ শামীম হাসান বলেন, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেস ক্লাবে বিএনপি’র কর্মসূচিতে লাঠিচার্জ ও গুলি করে পণ্ড করে দিয়েছিল পুলিশ। এ ঘটনায় বাদী বর্তমানে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ ৫০/৬০ জন আহত এবং ৯ জনকে আটক করা হয়। ওই মামলায় শেখ হাসিনা’কে হামলার নির্দেশদাতা উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন গনমাধ্যমের সাংবাদিকদের বলেন, ওই মামলায় উল্লেখিত সবাই হামলায় সরাসরি জড়িত। শেখ হাসিনা’র নির্দেশেই ওই হামলা হয়। এজন্য তাদের বিরুদ্ধে আমি মামলার আবেদন করেছি।
মামলার আবেদনে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাবেক এমপি, মন্ত্রী, মেয়র, আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
Barta Mela bangla online newsportal