
মো: আল মাসুম খান:
আগের আমলের সেই ব্যবসায়ী মাফিয়াদের আজ একটি রাজনৈতিক দল আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এ মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গুটি কয়েক মাফিয়া ব্যবসায়ীকে সামনে রেখে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে। অথচ খেটে-খাওয়া ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আজ বেহাল অবস্থায় দিন কাটাচ্ছেন।
শুক্রবার খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা ব্যবসায়ীদের রক্ষা করব। সৎ, দেশপ্রেমিক ব্যবসায়ীদের পক্ষে আমরা মাঠে আছি। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা অর্থনীতিকে এই দানবীয় শক্তির হাত থেকে মুক্ত করব।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কোনো সমাপ্তি ছিল না। এটি ছিল নতুন বাংলাদেশের সূচনা। ছাত্র, তরুণ ও শ্রমিকদের যে আন্দোলন শুরু হয়েছিল, তা আজও চলছে এবং চলবে। এনসিপি এখনও সেই আন্দোলনের অংশ, আমরা মাঠে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, তারা চাঁদাবাজি ও সন্ত্রাসের সংস্কৃতি দেখতে চায়নি। আমরা বলেছিলাম নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু তারা ভেবেছিল লুটপাটের স্বাধীনতা। এই ভুল ধারণা ভেঙে দিতে হবে। খুলনাবাসী প্রস্তুত থাকুন, ৩ আগস্ট ঢাকায় সমুচিত জবাব দেওয়া হবে।
রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, শৈশবে আমরা লগি-বৈঠার বিভৎসতা দেখেছিলাম। আজ আবার সেই পথেই হাঁটছে কিছু গোষ্ঠী। গণঅভ্যুত্থানের পরে আমরা দেখেছি, যেই ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তা পুলিশকে খুনি বাহিনীতে রূপান্তর করে। এই ব্যবস্থা ভাঙতেই হবে।
৫ আগস্টের ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ছাত্র অভ্যুত্থানের নেতাদের বাদ দিয়ে সরকার গঠনের পাঁয়তারা হয়েছিল। সেই ষড়যন্ত্র এখনো চলমান। কেউ কেউ গণআন্দোলনে থাকলেও, নতুন বন্দোবস্তের প্রশ্নে তারা ফ্যাসিস্টদের দিকেই ঝুঁকছে।
চাঁদাবাজদের বিরুদ্ধে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নাহিদ বলেন, অভ্যুত্থানকারী নাগরিকদের প্রস্তুত থাকতে হবে। শহীদদের রেখে যাওয়া দায়িত্ব আমাদেরই পালন করতে হবে।
খুলনার শিল্প-অর্থনীতি নিয়ে তিনি বলেন, এই অঞ্চলের ঐতিহ্যবাহী পাটকল ও অন্যান্য শিল্প কারখানা একে একে বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো পুনরায় চালু করতে হবে।
Barta Mela bangla online newsportal