
ইমদাদুল হক: ঢাকার সাভারে আনুমানিক পাঁছশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল বিপনন অফিস।
বুধবার (১২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি ও চলন্তিকা হাউজিং এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম।
এসময় অবৈধ পাইপলাইন তুলে ফেলা সহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
এব্যাপারে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো: সায়েম জানান, আজ (বুধবার) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি ও চলন্তিকা হাউজিং এলাকায় অবৌধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছিলো। ফলে ওই এলাকার বৈধ গ্রাহকরা তাদের লাইনে গ্যাসের প্রেসার কম পাওয়ায় দুর্ভোগে পড়েন। তাদের অভিযোগের ভিত্তিতে আজ এখানে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এতে করে প্রায় এক কিলোমিটার ব্যাপী আনুমানিক পাঁচশত বাসাবাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এসময় নিম্নমানের পাইপ ও রাইজার আমরা জব্দ করেছি।
এদিকে, অভিযান চলাকালে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে এসময় তিনি ২টি ওয়াশিং কারখানাকে ২ লাখ টাকা এবং দুইজন বাড়িওয়ালাকে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা করে সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান চলাকালে এসময় তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখসহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ মোতায়েন ছিলো।
Barta Mela bangla online newsportal