
মো: আল মামুন খান: শুধু পরীক্ষা ভীতি ও মুখস্ত বিদ্যা দিয়ে দক্ষ ও সৃজনশীল মানুষ তৈরি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার খাগানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শুধু পরীক্ষা ভীতি ও মুখস্ত বিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ তৈরি হবে না। তাই প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।
পাঠ্য বইয়ের অসংগতি নিয়ে শিক্ষামন্ত্রী জানান, বইয়ে ভুল থাকতে পারে, চিহ্নিত করে তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হচ্ছে। এ বিষয়ে দুইটি কমিটি গঠন করা হয়েছে, একটি কমিটি বইয়ের ভুল চিহ্নিত করে যৌক্তিক পরামর্শের সঙ্গে সঙ্গে সংশোধন করবেন। আরেকটি কমিটি এ বিষয়ে যে কোন ষড়যন্ত্র তদন্ত করে দেখবেন।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শোলিনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অতুল খোশলা। এছাড়াও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী স্বর্ণ পদক লাভ করেন।
Barta Mela bangla online newsportal