
ইমদাদুল হক: ঢাকার ধামরাইয়ে একটি মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের সময় মাইক্রোবাসটির পিছনে থাকা আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।
নিহত ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় প্রাইভেট কার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
এব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ধামরাই থানার উপ-পরিদর্শক নাছির হোসেন বলেন, সকালের দিকে গাড়িতে সিএনজি নেওয়ার সময় ওই গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি গাড়ির এলপিজি সিলিন্ডারকে সিএনজি সিলিন্ডারে রুপান্তর করেন ফারুক হোসেন। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Barta Mela bangla online newsportal