
মো: আল মাসুম খান: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর আওতাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে ১ কোটি ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের মালামাল ও কাঁচামাল লুট করেছে ডাকাত দল।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা গণমাধ্যমকে জানান, শুক্রবার ৪ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মুখোশ পরা ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় ৭ জন নিরাপত্তা প্রহরী ও ৪ জন শ্রমিককে বেঁধে ফেলে। এরপর তারা কোম্পানির গুদামে ঢুকে সেখান থেকে ১৫ টন অ্যালুমিনিয়াম বার, আড়াই টন তামার তার এবং ১ টন বৈদ্যুতিক তার দুটি ট্রাকে তুলে নেয়। ডাকাত দল রাত ৪টার দিকে ওই মালামাল নিয়ে চলে যায়। পরে নিরাপত্তা কর্মীরা বাঁধন খুলে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও জানান শ্রমিকরা।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে জানান, কারখানায় দুই দিনের ছুটি থাকায় অধিকাংশ শ্রমিক সন্ধ্যার আগেই চলে যান। ঠিক সেই সুযোগেই ডাকাত দল রাত ৮টার দিকে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে কারখানায় প্রবেশ করে এবং প্রায় ৮ ঘণ্টা অবস্থান করে গুদাম থেকে মালামাল লুট করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, শনিবার ৫ জুলাই ভোর ৫টার দিকে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাত দল নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কারখানা থেকে বিপুল পরিমাণ কাঁচামাল নিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের ধরতে অভিযান চলছে। তবে এখনো প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোনো মামলা দায়ের করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Barta Mela bangla online newsportal