
মো: আল মাসুম খান:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বিশেষ অভিযানে ১০ কেজি হরিণের মাংসসহ দুইজন বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে বন বিভাগ।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ফরেস্টারের নেতৃত্বে একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুর জেলার মঠবাড়িয়ার বাবুরহাট বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস—রাজীব পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৭৪৩১)—তল্লাশি করা হয়।
বনবিভাগের বিশেষ টিমের তল্লাশির এক পর্যায়ে বাসের সাইট বক্সে লুকিয়ে রাখা একটি বস্তাবন্দী ককসিট থেকে ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় বাসেই হাতেনাতে আটক করা হয় দুই পাচারকারীকে।
আটককৃতরা হলেন—বাগেরহাট জেলার কচুয়া গ্রামের জোনাব আলীর ছেলে আঃ ছালাম (৪০) এবং মোড়েলগঞ্জ থানার সন্নাসী ছোট পুরি গ্রামের মোঃ বারেকের ছেলে মোঃ জাকারিয়া (২৫)।
বন বিভাগ গণমাধ্যমকে জানায়, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করা হবে।
Barta Mela bangla online newsportal