
মো: আল মাসুম খান: খুলনার সার্কিট হাউজ মাঠে আজ ১৭ মে বিকেল তিনটায় শুরু হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এই সমাবেশের আয়োজন করেছে। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতা- কমীরা সমাবেশে অংশ নেবেন।
সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন। এরই মধ্যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিএনপি, ছাত্ররা যুবদলের নেতৃবৃন্দ গাড়ির বহর নিয়ে খুলনায় পৌঁছে মিছিল সহকারে সার্কিট হাউস মাঠের তীব্র তাপদাহের মাঠে অবস্থান নিয়েছেন।
খুলনায় তীব্র তাপদাহের কারণে সার্কিট হাউস মাঠে উপস্থিত নেতৃবৃন্দ আশপাশের বিভিন্ন গাছের ছায়ায় আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বিভাগের অন্যান্য জেলার ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে যোগদান করেছে। জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সার্কিট হাউসে অবস্থা নিয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা- কর্মীরা খুলনা জেলা স্টেডিয়াম, কোর্ট এলাকা ও শহীদ হাদিস পার্কের ছায়ায় অবস্থান করেছেন।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না গনমাধ্যমের সাংবাদিকদের জানান, তীব্র তাপের কারণে সবাইকে আশপাশের ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে বলা হয়েছে। বিকেল তিনটার মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠে চলে আসবেন।
কেন্দ্র ঘোষিত আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সমাবেশে বক্তব্য দেবেন।
Barta Mela bangla online newsportal