
মো: আল মাসুম খান:
খুলনার দৌলতপুরে যুবদলের বহিষ্কৃত নেতা মাহাবুবুর রহমান মোল্লা হত্যার সময়কার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে স্থানীয়রা ও পুলিশ। ভিডিওতে দেখা মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে চালক রায়হান, মাঝখানে বসা আসিফ এবং আরেকজন ইমন বলে চিহ্নিত হয়েছেন। এদের মধ্যে সবাই পূর্বে অস্ত্র মামলায় জেল খেটেছেন এবং সম্প্রতি জামিনে মুক্ত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, হত্যাকাণ্ডের সময় আশপাশে আরও কয়েকজন ছিল, যারা দুর্বৃত্তদের নিরাপত্তা নিশ্চিত করছিল বলে ধারণা। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে এক যুবক সজলকে শনিবার গভীর রাতে মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাকে রোববার আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সজল ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং সে হত্যাকারীদের গোপন তথ্য সরবরাহ করেছিল।
গত ১১ জুলাই দুপুরে নিজ বাড়ির সামনে মাহাবুবুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী জানান, হত্যার আগে মাহাবুবুর ও এক যুবক প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। মোটরসাইকেলে আসা তিন যুবকের একজন হেলমেট পরে ছিল। হত্যাকারীরা গুলি চালিয়ে মাহাবুবুরের মৃত্যু নিশ্চিত করতে তাঁর পায়ের রগ কেটে দেয় এবং দ্রুত পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উঠে আসে, হত্যায় অংশগ্রহণকারী তিন যুবক পরিচিত অপরাধী। গত বছর অক্টোবর মাসে বাগেরহাটে অস্ত্রসহ আটক হয় হুমায়ুন কবির হুমা, রায়হান ইসলাম, আসিফ মোল্লা ও ইমন হাওলাদার। তারা স্থানীয় চরমপন্থি নেতা বড় শাহীনকে হত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল বলে পুলিশের ধারণা। এ ঘটনায় মাহাবুবুরের খালাতো ভাই আরমান জড়িত ছিল, যার সঙ্গেও তাঁর দ্বন্দ্ব ছিল।
স্থানীয়রা জানান, রায়হান, আসিফ ও ইমন মহেশ্বরপাড়া পশ্চিমপাড়ার বাসিন্দা হলেও তারা জামিনের পর এলাকায় নিয়মিত থাকতেন না। জমির ব্যবসা, মাদক সিন্ডিকেট এবং কুয়েটে সংঘর্ষের ঘটনায় মাহাবুবুরের আধিপত্য প্রতিষ্ঠার কারণে এলাকায় তাঁর সঙ্গে চরমপন্থি হুমা গোষ্ঠী ও উঠতি অপরাধীদের বিরোধ তৈরি হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, হত্যার পেছনে একাধিক কারণ পাওয়া যাচ্ছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
Barta Mela bangla online newsportal