
ইমদাদুল হক: ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্ণেস অয়েল তৈরীর একটি কারখানাকে জরিমানা সহ ৫টি কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২১ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা হিন্দু পাড়ায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এসময় অবৈধভাবে টায়ার পুড়িয়ে তেল তৈরির দায়ে সেলিম নামের এক কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভাকুর্তার মোগড়াকান্দা এলাকায় বৈধ কাগজপত্র ছাড়াই সোলায়মান, সেলিম, জসিম ও আলমসহ বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে আসছিলো। গণমাধ্যমে এসংক্রান্ত প্রতিবেদন এবং স্থানীয়দের অভিযোগের ধারাবাহিকতায় আজ অভিযান পরিচালনা করা হয়। এসময় সেলিম নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের ৫টি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এধরণের অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালে এসময় সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আসওয়াদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অবৈধ এসব টায়ার পোড়ানো কারখানার কারণে এলাকার জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পাশাপাশি জমিতে ফসল হচ্ছে না। বিপাকে পড়েছেন কৃষকরা। এলাকাবাসী এসব টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরীর কারখানা আবার যাতে গড়ে না ওঠে সে ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি নির্বিচারে বন উজাড় করে কাঠকয়লা তৈরীর কারখানাগুলোও বন্ধের দাবি জানান তারা।
Barta Mela bangla online newsportal