
মো: আল মাসুম খান: কুমিল্লার দুই খ্যাতিমান সাংবাদিক দৈনিক দিনকাল-এর কুমিল্লা ব্যুরো প্রধান শাহজাদা এমরান এবং দৈনিক মানবকণ্ঠ-এর জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম তরুণ নিখোঁজ রয়েছেন। গত ২৬ জুন সকালে ঘুরতে গিয়ে তারা নীলফামারীর নীলসাগর পর্যটন কেন্দ্রে পৌঁছান। তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য, সহকর্মী এবং সাংবাদিক সমাজ দিন যত যাচ্ছে ততই উদ্বিগ্ন হয়ে পড়ছেন।
নিখোঁজ সাংবাদিক শাহজাদা এমরানের স্ত্রী জাহেরা আক্তার জানান, গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তাদের কোনো খোঁজ নেই। আমরা পরিবার থেকে বহুবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। এ অবস্থায় আমি কুমিল্লা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৯০০, তারিখ ২৬ জুন ২০২৫) করেছি। তবে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শনিবার (২৮ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ সাংবাদিকদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তারা কোথায় আছেন, কী অবস্থায় আছেন—তা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্পষ্ট করা অত্যন্ত জরুরি।”
সংগঠনটির পক্ষ থেকে নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিএমএসএফের সাবেক সম্পাদক নুর আলম-এর সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি জানান, আমরা এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো নিশ্চিত তথ্য পাইনি।
সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে—এটি কি নিছক কোনো দুর্ঘটনা, নাকি উদ্দেশ্যপ্রণোদিত অপহরণ বা ষড়যন্ত্র? বিষয়টি নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা প্রশ্নে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
বিএমএসএফ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন অবিলম্বে নিখোঁজ দুই সাংবাদিকের সন্ধান নিশ্চিত করে এবং পরিবার ও জাতিকে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করে।
এ ঘটনায় সাংবাদিক সমাজের পাশাপাশি সাধারণ মানুষও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানাচ্ছেন।
Barta Mela bangla online newsportal